ঢাকাThursday , 20 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন:

    admin
    November 20, 2025 3:45 pm । ৯৮ জন
    Link Copied!

    সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন:

    ভিবি নিউজ ডেস্ক : সারাদেশে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার প্রতিবাদ এবং সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

    সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকরা নিয়মিত হামলা, হুমকি, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর একের পর এক চাপ সৃষ্টি করে সত্য প্রকাশের পথ সংকুচিত করা হচ্ছে। অবিলম্বে এসব নির্যাতন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

    মানববন্ধনে বক্তারা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ
    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী,
    মানিকগঞ্জ, নেত্রকোনায়
    বগুড়া সহ সারাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

    বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

    মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন বলেন, “কোনো ঘটনা ঘটলেই সাংবাদিকদের ওপর নির্যাতন, হুমকি ও মামলা দেওয়া এখন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে। সাংবাদিকদের কি দুর্বল ভাবা হয়? সাংবাদিকরা দুর্বল নয়।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব দেশের সাংবাদিকদের বৃহত্তম সংগঠন। সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

    গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়ায় তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “১৫ দিনের মধ্যে চার্জশিটের দাবি জানিয়েছিলাম—তা পূরণ হয়েছে। এখন দ্রুত বিচার নিশ্চিত হবে বলে আশা করি।”

    ফরিদ খান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সারাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় বাংলাদেশ প্রেসক্লাব দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করবে।”
    মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড ও প্রতিবাদী স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।