ঢাকাWednesday , 17 June 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

    admin
    June 17, 2026 1:09 pm । ১৩ জন
    Link Copied!

    ভি বি রায় চৌধুরী –

    দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। অথচ দুর্নীতির তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

    বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন দুর্নীতির সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিদিনের সালেহ কায়সারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    জানা যায়, চলতি মাসের ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারার উল্লেখ করা হয়েছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, প্রকৃতপক্ষে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং দুর্নীতির তথ্য প্রকাশে বাধা সৃষ্টি করতেই এ ধরনের মামলা করা হয়েছে। তারা বলেন, সংবাদ প্রকাশের জবাব সংবাদ বা তথ্য দিয়েই হওয়া উচিত। মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানোর সংস্কৃতি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

    এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভিবি রায় চৌধুরী, দৈনিক জবাবদিহি ও এটিভিলাইভ ডট নিউজের সম্পাদক আ আ আবীর আকাশ, সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেল, অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি জনি সাহাসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকবৃন্দ।

    বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

    মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকার সংরক্ষণের দাবিও জানানো হয়। অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হয়রানির ঘটনা অব্যাহত থাকলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।