ভিবি নিউজ ডেস্ক : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ রাজধানীর উত্তরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের অকাল মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদ্বয় হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,গত রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষীপুর জেলা শাখার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী বলেন,“সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসানের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের এই অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ হারাল দুই নিবেদিত সহযোদ্ধাকে। মহান সৃষ্টিকর্তা তাঁদের সকল গুনাহ ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক বহন করার শক্তি দান করুন।”»
শোকবার্তায় বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল বলেন, এই হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের এই অকাল বিদায় শুধু দুটি পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারানোর বেদনা বয়ে না বেড়ায়, সে লক্ষ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।»
বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন মহোদয় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টিও তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।






