লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতির ঘরে চুরি: স্বর্ণালংকার ও নগদ ৮ লক্ষাধিক টাকা লুট
ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এক বৃদ্ধ দম্পতির ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নেহার আফজল (৬৫) ও তার স্বামী গোলাম মোস্তফা—বয়সজনিত কারণে অসুস্থ অবস্থায় বাড়িতে থাকেন। তাদের ছেলেরা প্রবাসে অবস্থান করছেন। রবিবার দিবাগত রাতের খাবার শেষে দম্পতি ঘুমিয়ে পড়লে অজ্ঞাতপরিচয় তিনজন চোর সুপারী গাছ বেয়ে ছাদে উঠে বাড়ির সিঁড়ি রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
চোরদের একজন টর্চলাইট দিয়ে বৃদ্ধ দম্পতির চোখে আলো ফেলে রাখে, অপর দুইজন আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এ সময় বৃদ্ধা নেহার আফজল চিৎকার করতে চাইলে এক দুর্বৃত্ত চোর তার গলায় ছুরি ঠেকিয়ে হাতে থাকা ২ ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি, কানে থাকা দুল, একটি আংটি, মাটির ব্যাংকে জমাকৃত প্রায় ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী দম্পতি দেখেন, ঘরের সিঁড়ির উপরের দরজা খোলা। দস্যুরা ছাদের ওপর দিয়ে প্রবেশ করে ভেতরে ঢোকে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সর্বমোট প্রায় ৮ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা নগদ অর্থ চোরেরা লুট করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শোরগোল শুনে প্রতিবেশীরা ছুটে এসে দম্পতিকে উদ্ধার করে। স্থানীয়রা জানান, তারা চিৎকার শুনলেও বাইরে থেকে দরজা আটকানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি।
বৃদ্ধ নেহার আফজল লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।
সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জিলানী, জাকির হোসেন, আবু ছায়েদ ও সাজ্জাদ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।






