রামগতি উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
ভিবি নিউজ ডেস্ক – গতকাল ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে রামগতি উপজেলাধীন চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকায় ০৪ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ০৪ টি ইটভাটাকে সর্বমোট ১০,৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে
।অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হচ্ছে- উপজেলার চররমিজ ইউনিয়নের আবু তাহেরের মেসার্স ফোর স্টার ব্রিকস, গিয়াস উদ্দিনের মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মো. দিদারের মেসার্স শাহজালাল ব্রিকস ও মো. আকবরের মেসার্স শাহপরান ব্রিকস । এছাড়াও এই অভিযানে এক্সকেভেটর এর সাহায্যে চিমনি ও চুল্লি ভেঙে ফেলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
পৃথক আরেকটি অভিযানে অবৈধ বালুর ভিটাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ভিটার ব্যবসায়ী, ম্যানেজার এবং মোটরযান চালকসহ ৭ জনকে মোট ৭৭,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এই বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।






