ঢাকাMonday , 23 March 2026
    আজকের সর্বশেষ সবখবর

    দালাল বাজার জমিদারবাড়ির করুণ বাস্তবতা

    admin
    March 23, 2026 3:18 pm । ৩৮ জন
    Link Copied!

    দালাল বাজার জমিদারবাড়ির করুণ বাস্তবতা

    লক্ষ্মীপুর থেকে কামাল উদ্দিন  হাওলাদার -অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ সংবাদ- এ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দালালবাজার জমিদারবাড়ির বর্তমান দুরবস্থার চিত্র উঠে এসেছে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। প্রায় চারশ বছরের প্রাচীন এই স্থাপনা শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদন অনুযায়ী, একসময় জমিদারি ঐশ্বর্যের প্রতীক এই স্থাপনাটি আজ অবহেলা, অযত্ন ও অনিরাপত্তার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর। দেয়ালজুড়ে পরগাছা, অন্দরমহলে ময়লার স্তূপ- সব মিলিয়ে একটি সম্ভাবনাময় ঐতিহ্যবাহী স্থাপনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
    আরও উদ্বেগজনক বিষয় হলো নিরাপত্তার অভাব। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্বে স্থাপিত পুলিশ ফাঁড়ি প্রত্যাহারের পর থেকে এলাকাটি কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। ফলে সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বেড়ে গেছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।
    যদিও ২০২১ সালে প্রশাসনের উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, তবুও এটি পর্যাপ্ত নয়। একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য প্রয়োজন সার্বিক সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। অন্যথায়, কালের সাক্ষী এই স্থাপনাটি একসময় পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।

    এখানে পর্যটন সম্ভাবনাও অবহেলার শিকার হচ্ছে। দালালবাজার জমিদারবাড়ি এবং এর পাশের খোয়াসাগর দিঘি সঠিকভাবে উন্নয়ন করা গেলে এটি একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

    সুতরাং, শীর্ষ সংবাদের এই প্রতিবেদন আমাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ঐতিহ্যবাহী এই স্থাপনাটিকে রক্ষা করা। একইসঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

    ঐতিহ্য রক্ষা করা মানে কেবল অতীতকে সংরক্ষণ করা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচয় তুলে ধরা। এখন প্রশ্ন একটাই- আমরা কি সময় থাকতে আমাদের ঐতিহ্যকে বাঁচাতে পারবো? নাকি অবহেলার কারণেই তা হারিয়ে যেতে দেবো?

    মোঃ কামাল ‍উদ্দিন হাওলাদার
    সাবেক সভাপতি
    লক্ষ্মীপুর প্রেসক্লাব।