লক্ষ্মীপুরে দুষ্কৃতকারীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি পরিদর্শনে সদর ইউএনও,
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বেলাল হোসেনের বসতঘরে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
শনিবার সকালে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি পরিবারের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাতে চরমনসা গ্রামের বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার কন্যা আয়েশা আক্তার (৭) নিহত হয় এবং পরিবারের আরও কয়েকজন সদস্য গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। আহতদের মধ্যে দুই কন্যা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






