ঢাকাSaturday , 24 May 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন জনতা

    admin
    May 24, 2025 5:49 pm । ৩৫৯ জন
    Link Copied!

    আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন জনতা

    ভিবি নিউজ ডেস্ক :লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন রাজন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলনগর থানা পুলিশের এএসআই প্রদীপ চন্দ্র দাস ঘটনার সময় চরঠিকা গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা রাজুকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশত নারী-পুরুষ জমায়েত হয়ে পুলিশকে ঘেরাও করে। এসময় তারা রাজুর পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন তারা। খবর পেয়ে কমলনগর থানা পুলিশের ওসি তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিনব্যক্তি জানিয়েছেন, আটক রাজুর নিকটআত্মীয় জেএসডির যুব পরিষদ নেতা খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন।

    কমলনগর থানা পুলিশের ওসি তোহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে যায়। এসময় আশরাফ উদ্দিন রাজনকে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।

    এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সার্কেল (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা রাজনকে আটক পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাজনকে ধরতে পুলিশি অভিযান চলছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।